এমএফএস লেনদেনে দিনের সুবিধা মিলছে মাসে!

২০ এপ্রিল, ২০২০ ০৩:৫০  
গত ১৯ মার্চ করোনাকালে বিকাশ-রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে সেবার বিনিময়ে জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় কোনো মাশুল না কাটতে নির্দেশনা দিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাস্তবে এই নির্দেশনার প্রতিফলন পাচ্ছেন না ব্যবহারকারীরা। এমনটাই অভিযোগ করেছেন গ্রাহকরা। নির্দেশনা দিনে সর্বোচ্চ এক হাজার টাকা উত্তোলনে মাশুল না কাটার নির্দেশনা দেয়া হলেও প্রতিদিনের বদলে মাসে একবার এক হাজার টাকা উত্তোলনে মাশুল মওকুফ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর তা পরিপালন না করা নিয়ে গ্রাহকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অপরদিকে লোকসানের কারণে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পরামর্শ করেই প্রতিদিনের বদলে মাসে একবার এক হাজার টাকা উত্তোলনে মাশুল মওকুফ করা হচ্ছে বলে জানিয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। অবশ্য কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত আগের নির্দেশনা প্রত্যাহার করেনি, আবার নতুন করে কোনো নির্দেশনাও দেয়নি। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে প্রতি মাসের লেনদেনের সীমা ৭৫ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়। একই সঙ্গে দিনে একবার ১ হাজার টাকা উত্তোলনে কোনো মাশুল না কাটার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় এবং ওষুধ বিক্রয়কারী ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যক্তিগত ব্যাংক, এমএফএস, এজেন্ট ব্যাংকিং ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসাবকে ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করা যাবে বলে জানানো হয়।